ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Daily Global News

তেল নেই বলে ব্যানার, তল্লাশিতে মিলল হাজার হাজার লিটার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:২৪ পিএম

তেল নেই বলে ব্যানার, তল্লাশিতে মিলল হাজার হাজার লিটার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার পরেও ‍‍`তেল নেই‍‍` ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, ওই ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

আদালত পাম্পের মজুত যাচাই করে দেখতে পান যে, সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল গোপন করে রাখা হয়েছে। তল্লাশিকালে পাম্পটিতে পাওয়া যায়: পেট্রোল ২ হাজার ৩৬৮ লিটার, ডিজেল ৩ হাজার ৭৬০ লিটার, অকটেন ৩ হাজার ৬৫৫ লিটার।

পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি না করার অপরাধে ওই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জাকির মুন্সী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন। তেলের বাজারে অস্থিতিশীলতা রোধে প্রশাসনের এই কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষ।
 

ডিজিএন/এনএস

banner
Link copied!