ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Daily Global News

ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন: ১০ রোগীর মৃত্যু

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:৪৬ এএম

ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন: ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে হঠাৎ আগুন লাগে। দ্রুত ধোঁয়া ও আগুন আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, ওই সময় ট্রমা আইসিইউ ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি লেগে যায়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধারের চেষ্টা করেন। এতে হাসপাতালের অন্তত ১১ জন কর্মী আহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যমতে, সাতজন রোগী ঘটনাস্থলেই শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে মারা যান। বাকিদের দ্রুত উদ্ধার করে অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সোমবার সকালে হাসপাতাল পরিদর্শন করেন এবং মৃতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ ভারতীয় রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছান। তবে আগুন কি বৈদ্যুতিক গোলযোগ থেকে লেগেছে নাকি পুরনো এয়ার কন্ডিশন মেশিন বিস্ফোরণে হয়েছে, তা পূর্ণাঙ্গ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এই ট্র্যাজেডি ২০১১ সালের ৯ ডিসেম্বর কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতালের সেই ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে, যেখানে আগুন লেগে ৯২ জন রোগী ও কর্মীর মৃত্যু হয়েছিল।

কটকের এই ঘটনায় পুরো ওড়িশা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্র: বিবিসি

ডিজিএন/এনএস

banner
Link copied!