সীমান্ত দিয়ে আবারও ছয়জন বাংলাদেশিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরের দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন রামদাসপুর সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার ২১৬/এমপি সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের একটি দল ওই ছয়জন বাংলাদেশি পুরুষকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
অনুপ্রবেশের খবর পাওয়া মাত্রই রামদাসপুর বিওপির একটি নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা শূন্যরেখার (জিরো লাইন) ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে তাঁদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শক্ত বাধা তৈরি করেন। ১৬ বিজিবি নিশ্চিত করেছে, বিজিবির বাধায় আটকে পড়া ওই ছয়জনকে চূড়ান্তভাবে ভারতের ভূখণ্ডেই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :