ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০২:২৩ পিএম

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতেই মাঠে নেমেছে ক্ষমতাসীন বিএনপি। নতুন রাষ্ট্রপতি হিসেবে দলটির একাধিক শীর্ষ নেতার নাম জোরালো আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কাকে চূড়ান্ত মনোনীত করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে এর মধ্যেই নির্বাচন কমিশন থেকে দলের পক্ষ থেকে দুই নেতা পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ একটি ফরম সংগ্রহ করেছেন। এছাড়া অপর একটি ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরবর্তীতে দলীয় হাইকমান্ড যার নাম চূড়ান্ত অনুমোদন দেবে, তার মনোনয়নপত্রটিই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এদিকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। আইন ও সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। সে অনুযায়ী গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের গোপন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!