ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Daily Global News

কিয়েভের অস্ত্রাগারে রুশ ড্রোন হামলা: নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১২:৩২ পিএম

কিয়েভের অস্ত্রাগারে রুশ ড্রোন হামলা: নিহত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪২ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে চারজন শিশু রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার গভীর রাতে কিয়েভের পশ্চিমে অবস্থিত মিলা গ্রামের একটি আবাসিক এলাকার কাছে এই হামলা ঘটে। হামলায় গোলা, মাইন ও ড্রোনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বুচা জেলার আঞ্চলিক প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, শনিবারও সেখানে উদ্ধারকাজ চলছিল। বিস্ফোরণে গ্রামটির প্রায় ১৩০টি বাড়ি এবং বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলা গ্রামে ইউক্রেনের একটি গোলাবারুদ গুদাম লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যেখানে দূরপাল্লার ড্রোনের উপাদান রাখা ছিল।

আবাসিক এলাকার এত কাছে বিস্ফোরক মজুত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ অবহেলা’ আখ্যা দিয়ে এর তদন্তের নির্দেশ দিয়েছেন।

জেলেনস্কি বলেন, "সরকারের অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ মজুত না করার যে নিয়ম রয়েছে, তা অবশ্যই মানতে হবে।"

এর আগে গত জুলাই মাসে ভিশনেভে এলাকায় প্রায় একই ধরনের একটি ঘটনায় ৯ জন নিহত এবং ২৮০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি দুঃখ প্রকাশ করে বলেন, "পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পঞ্চম বছরে একই ভুল বারবার করাটা অপরাধমূলক অবহেলা। দায়ী প্রত্যেককে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।"

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ওবোলোনস্কি এলাকায় রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বোরিসপিল জেলায় পৃথক এক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা সারা দেশে ২৩৩টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা জোরদার করেছে। রাশিয়ায় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে হামলায় দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ ও ওজোনের বেশ কয়েকটি স্থাপনা এবং লজিস্টিকস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি

ডিজিএন/এনএস

banner
Link copied!