নেপালে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত বিদেশি পর্যটকও এই দুর্যোগের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।
রোববার (৩০ আগস্ট) নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল পৌনে ৬টা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) দেওয়া পৃথক একটি পরিসংখ্যানে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৭৮১ জন নিহত এবং ২ হাজার ৫০২ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও উদ্ধার অভিযানের ডামাডোলের কারণে নেপালের একাধিক সংস্থার দেওয়া পরিসংখ্যানে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।
নেপাল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য হওয়ায় আকস্মিক এই বন্যায় বহু দেশের নাগরিক আটকা পড়েছেন। বিভিন্ন দেশ ও নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই বন্যায় সবচেয়ে বেশি নিখোঁজ হয়েছেন ভারতীয় নাগরিক। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে অন্তত ৩২০ জন ভারতীয় রয়েছেন। নিখোঁজের তালিকায় এরপরই রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০০ জন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ৯০ জন নাগরিক নিখোঁজ থাকার কথা জানিয়েছে।
এ ছাড়া নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৬২ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ভ্রমণরত ৫১ জন মালয়েশীয় পর্যটকেরও কোনো খোঁজ মিলছে না। অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, তাঁদের ৪১ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি নেপাল পুলিশের তালিকায় ৩৩ জন ব্রিটিশ এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৩০ জন কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
এর বাইরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্যমতে, তিব্বতে আরও ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে তাঁরা নেপালের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত কি না, তা এখনো স্পষ্ট নয়। এসব দেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বেশ কয়েকজন পর্যটকও এই নিখোঁজের তালিকায় রয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :