আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ।
আজ শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলের অতিথি ভবনে চিনিকলের কর্মকর্তা ও আখচাষিদের সঙ্গে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, চিনিশিল্পসহ দেশের সব উৎপাদনমুখী কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। চিনিশিল্পের আধুনিকীকরণ এবং বন্ধ হয়ে যাওয়া মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে।
আখচাষিদের ভর্তুকির বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, চাষিদের ভর্তুকির টাকা খুব শিগগিরই তাঁদের হাতে পৌঁছে দেওয়া হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী রোপণ মৌসুম শুরুর আগেই চাষিরা তাঁদের ভর্তুকির অর্থ পেয়ে যাবেন।
এদিন তিনি কেরুর হিজলগাড়ী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমের চারা রোপণ করেন।
কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
সভায় অন্যদের মধ্যে চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, বাণিজ্যিক খামার ইনচার্জ সুমন কুমার সাহা ও ডিহি খামার ইনচার্জ ইমদাদুল হকসহ স্থানীয় আখচাষি ও মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :