ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, খালি হচ্ছে ৩টি পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০১:০১ পিএম

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, খালি হচ্ছে ৩টি পদ

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রার্থিতা চূড়ান্ত করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তবে তিনি এই সর্বোচ্চ পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গেই দল ও সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পদ খালি হয়ে যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তাঁকে সরকার ও দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। ফলে খালি হবে তাঁর স্থানীয় সরকারমন্ত্রীর পদ, প্রায় ১৬ বছর ধরে সততা ও দক্ষতার সঙ্গে সামলানো বিএনপির মহাসচিবের পদ এবং তাঁর নিজস্ব সংসদীয় আসন ঠাকুরগাঁও-১।

তাঁর মহাসচিবের পদটি শূন্য হলে উত্তরসূরি হিসেবে কাদের দেখা যেতে পারে তা নিয়ে বিএনপির অভ্যন্তরে ইতোমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সামনে আসছে।

তবে পরবর্তী জাতীয় কাউন্সিলের আগে প্রাথমিক পদক্ষেপ হিসেবে রুহুল কবির রিজভীকেই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দায়িত্বশীল সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া পরবর্তীতে নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করা হয়েছে। ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে সরাসরি ভোটাভুটি হতে যাচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেলে মনোনয়নপত্র জমা শেষ হওয়ার পর ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদে বিরোধী দলগুলোর আসনসংখ্যা ৯০টি হওয়ায় নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় একেবারেই সুনিশ্চিত।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয় এবং রাষ্ট্রপতির মেয়াদকাল কার্যভার গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছর। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো সংসদ সদস্য বা মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তাঁর পূর্ববর্তী সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

ডিজিএন/এনএস

banner
Link copied!