ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঈদের ছুটির আগেই দিতে হবে শ্রমিকদের বেতন-বোনাস: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:১৩ পিএম

ঈদের ছুটির আগেই দিতে হবে শ্রমিকদের বেতন-বোনাস: শ্রমমন্ত্রী

দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগে পরিশোধ করার কড়া নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে আরএমজি ও নন-আরএমজি খাতের উচ্চপর্যায়ের এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী জানান, যেসব কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা হতে পারে, এমন ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে। সংসদ সদস্যরা সরাসরি মালিকপক্ষের সাথে কথা বলে দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসকল ব্যাংক ঋণ প্রদানে গড়িমসি করছে, তাদের সাথে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া তিনি পলাতক মালিকদের প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়ে বলেন, ওইসব কারখানায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন একটি বড় ঘোষণা দিয়ে বলেন, “আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে ফেলবো।” প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনায় শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ নজরদারি করছে বলেও তিনি জানান।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে প্রায় ৯২.৩৪ শতাংশ কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে। প্রায় ৭২.১৭ শতাংশ কারখানা ইতোমধ্যে ঈদের বোনাস পরিশোধ করেছে।

অন্যদিকে, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, তাদের ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৬০৪টি কারখানা বোনাস পরিশোধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, যেহেতু অধিকাংশ কারখানাই পাওনা পরিশোধ করেছে, তাই এবার বড় কোনো অসন্তোষ তৈরি হবে না।

শ্রমমন্ত্রী অনুরোধ জানিয়ে বলেন, যেসব শ্রমিক নেতা অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়ে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যদের সজাগ থাকতে হবে। শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার ভবিষ্যতে এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানের জন্য একটি ‘আপদকালীন ফান্ড’ গঠনের প্রস্তাব দেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!