ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
Daily Global News

ছোট ভাইকে খুনের পর ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই

প্রবাস ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:১৮ পিএম

ছোট ভাইকে খুনের পর ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই

পারিবারিক বিরোধের জেরে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নয়ন ফকির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর বড় ভাই হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখান। ভিডিও কলেই তিনি নিজের ভাইকে খুনের কথা স্বীকার করেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক দ্বন্দ্বে এক ভাই অন্য ভাইকে হত্যার খবরটি তাকে অবহিত করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, বড় ভাই হুমায়ুন দীর্ঘ ১২ বছর ধরে ইতালিতে থাকেন। তিনি প্রথমে লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেন এবং ২০২৩ সালে তাঁর সহযোগিতায় ছোট ভাই নয়ন ইতালিতে পাড়ি জমান। হুমায়ুন দুটি বিয়ে করেছেন। গতকাল তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। ছোট ভাই নয়ন বড় ভাইয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং প্রথম স্ত্রীকে তালাক দিতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করে হত্যা করেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!