দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশনে বক্তব্যকালে তিনি জানান, গত কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে জ্বালানি তেলের সরবরাহ এখন স্বাভাবিকের পথে।
বিরোধী দলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, "পেট্রোলের জন্য পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন ছিল, তা এখন আর নেই। তেলের সরবরাহ পর্যাপ্ত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমে এসেছে"। এছাড়া দেশের শিল্প ও আবাসিক খাতে লোডশেডিংয়ের মাত্রা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলেও তিনি দাবি করেন।
উদ্ভুত পরিস্থিতি স্থায়ীভাবে মোকাবিলায় সরকার যে বিশেষ কমিটি গঠন করেছে, আগামী রোববার তারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। এই বৈঠকে জ্বালানি আমদানির বর্তমান অবস্থা, মজুত এবং ভবিষ্যৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলসহ দেশের বিভিন্ন স্থানে বোরো সেচ মৌসুমে ডিজেলে যে সংকট দেখা দিয়েছিল, তা নিরসনেও সরকার কঠোর তদারকি করছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, মাঠ পর্যায়ে কৃষক ও ফুয়েল কার্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :