ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News
ভোটের আগে ‘রঙ বদল’

নেটিজেনদের ট্রলে বিদ্ধ ওমর সানী-রবি চৌধুরী-শিমলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৪০ পিএম

নেটিজেনদের ট্রলে বিদ্ধ ওমর সানী-রবি চৌধুরী-শিমলা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময়ে এসে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন শোবিজ অঙ্গনের একদল তারকা। গতকাল পর্যন্ত যারা এক দলের অনুসারী ছিলেন, আজ ভোটের সমীকরণে তাদের অন্য শিবিরে দেখে রীতিমতো ভিরমি খাচ্ছেন সাধারণ মানুষ। ‘দল বদল’ এবং বিতর্কিত মন্তব্যের জেরে নেটিজেনদের ট্রল ও সমালোচনার মুখে পড়েছেন ওমর সানী, রবি চৌধুরী ও শিমলার মতো তারকারা।

গায়ক রবি চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলের বন্যা বইছে। গত নির্বাচনে মানিকগঞ্জে মমতাজ বেগমের হয়ে নৌকার জোরালো প্রচারণা চালানো এই গায়ককে এবার দেখা গেছে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে। তাঁর এই হঠাৎ ভোল পাল্টানো নিয়ে নেটিজেনরা বলছেন, ‘রাজনীতিতে সবই সম্ভব’। তবে রবি চৌধুরী পুরো দিন ব্যস্ত ছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে কেন তিনি আগে নৌকার প্রচারণায় গিয়েছিলেন আর কেনই বা এখন দল বদলেছেন।

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী গত সোমবার (৯ ফেব্রুয়ারি) হঠাৎ ঘোষণা দেন, তিনি এবার ধানের শীষে ভোট দেবেন। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর কথা, যিনি এর আগে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। স্ত্রীকে ‘নৌকার মনোনয়ন প্রত্যাশী’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া সানী কেন এখন বিপরীত মেরুতে, তা নিয়ে খোঁচা দিচ্ছেন নেটিজেনরা।

‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলাও কম যাননি। ২০২৪ সালে শেখ হাসিনাকে স্বপ্নে দেখে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। নিজেকে ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান’ দাবি করা সেই শিমলাকেও নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৭ আসনে ধানের শীষের মিছিলে দেখা গেছে। প্রচারণার সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাকে নিয়ে নয়-ছয় বলবেন না, অনেক কথা আছে ১২ তারিখের পর বলব।” তাঁর এই রহস্যময় মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলের রসদ জোগাচ্ছে।

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও মডেল মেঘনা আলমও নেটিজেনদের নজরে এসেছেন। নির্বাচনী প্রচারণার সময় মাথায় মুকুট পরে তাঁর হাঁটাচলা এবং নিজেকে ‘সবচেয়ে যোগ্য প্রার্থী’ দাবি করা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম ও ট্রল। বিশেষ করে ট্রাক প্রতীক নিয়ে তাঁর প্রচারণা এবং মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে তাঁর লড়াইকে নেটিজেনরা ভিন্ন চোখে দেখছেন।

নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, ভোটের আগের এই ‘রঙ বদল’ এবং তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে অনলাইন দুনিয়া যে বেশ সরগরম, তা বলাই বাহুল্য।

ডিজিএন/এনএস

banner
Link copied!