ইরান-ইসরায়েল যুদ্ধে নিজেদের সামরিক শক্তি কয়েকগুণ বাড়াতে এবার সরাসরি স্থলসেনা মোতায়েন করছে ওয়াশিংটন। জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনা ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুদ্ধের শুরু থেকে আকাশ ও নৌপথে হামলা সীমাবদ্ধ থাকলেও, এই প্রথম মার্কিন মেরিন সেনাদের একটি বিশেষ দলকে সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে। জাপানে অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সাথে রয়েছে শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
বিশেষজ্ঞরা বলছেন, ‘ইউএসএস ত্রিপোলি’ একটি বহুমুখী যুদ্ধজাহাজ যেখান থেকে মেরিন সদস্যরা সরাসরি সমুদ্র থেকে স্থলভাগে আক্রমণ বা অবতরণ করতে পারে। ইরানের কোনো কৌশলগত অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা বিশেষ কোনো সংকট মোকাবিলায় এই দলটিকে ব্যবহার করা হতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন যে এই যুদ্ধ খুব দ্রুত শেষ করার পরিকল্পনা করছে না, স্থলসেনা পাঠানোর এই পদক্ষেপ তারই বড় প্রমাণ। মেরিনরা সাধারণত স্থল ও সমুদ্র উভয় স্থানেই লড়তে সক্ষম, যা এই যুদ্ধে মার্কিন-ইসরায়েল জোটকে নতুন সুবিধা দিতে পারে।
এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে, মার্কিন যেকোনো স্থল অভিযানের সমুচিত জবাব দিতে তারা প্রস্তুত।
সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :