ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Daily Global News

ট্রাম্পের নাখোশ বার্তা: পারমাণবিক ইস্যুহীন প্রস্তাব গ্রহণে নারাজ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০২:৩৮ পিএম

ট্রাম্পের নাখোশ বার্তা: পারমাণবিক ইস্যুহীন প্রস্তাব গ্রহণে নারাজ যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ অবসানের যে ক্ষীণ আশা দেখা দিয়েছিল, তাতে জল ঢেলে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবটি পর্যালোচনা করার পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটি তার কাছে সন্তোষজনক নয়।

ইরানি সূত্রগুলো জানিয়েছে, তাদের প্রস্তাবে যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগরে নৌচলাচল সংক্রান্ত বিরোধ মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে। তবে তারা কৌশলগতভাবে তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আপাতত স্থগিত রাখার প্রস্তাব করেছে। অর্থাৎ যুদ্ধ থামলে পরে এ নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু ট্রাম্পের অবস্থান শুরু থেকেই স্পষ্ট ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই তিনি আগ্রহী নন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে এই প্রস্তাবের প্রতিটি দিক খতিয়ে দেখেছেন। রয়টার্সের তথ্যমতে, বৈঠকের পর ট্রাম্প সরাসরি তার নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর ফলে দুই দেশের মধ্যকার চলমান সামরিক ও অর্থনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি থেমে নেই। গত কয়েক দিনে তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। তার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে তেহরানের প্রস্তাবের পক্ষে বিশ্বশক্তিগুলোর সমর্থন আদায় করা। রাশিয়া ইরানের এই প্রস্তাবের প্রতি কিছুটা সহানুভূতি দেখালেও ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া সংকটের সমাধান এখন সুদূরপরাহত।

ডিজিএন/এফএ

banner
Link copied!