ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Daily Global News

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪২ পিএম

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে একটি বিশেষ মহল জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা জুলাই সনদের শর্তাবলী নিয়ে ধোঁয়াশা তৈরি করতে চায় এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ‘জুলাই সনদ’-এর প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এটি জনগণের আমানত এবং বর্তমান নির্বাচিত সরকার এই আমানত রক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, “বারবার পরিষ্কারভাবে বলে দেওয়ার পরেও আমরা দেখছি যে, কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরণের কথাবার্তা শুরু করেছে।”

রাষ্ট্র সংস্কার নিয়ে যারা সরব, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। খেয়াল করে দেখবেন, যারা সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা বা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না।” তিনি আরও যোগ করেন, চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গঠিত কমিশন কিংবা ওষুধের সহজলভ্যতা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়েও তারা নীরব।

প্রধানমন্ত্রী দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “গুপ্ত বিভ্রান্তকারীরা আবারো তাদের পুরনো কাজ শুরু করেছে। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না।” তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠীটি সুকৌশলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!