ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Daily Global News
দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি সম্পন্ন

ইসলামাবাদে মার্কিন ও ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে নকভির বৈঠক

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৫৯ পিএম

ইসলামাবাদে মার্কিন ও ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে নকভির বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার বরফ গলাতে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আবারো মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। আজ সোমবার (২০ এপ্রিল) ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সঙ্গে পৃথক ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা এবং প্রস্তুতি নিয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত নাটালি বেকারের সঙ্গে সাক্ষাতকালে মহসিন নকভি আসন্ন আলোচনার নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, “পাকিস্তান তার সকল বিশেষ অতিথিদের জন্য বিশেষ এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্যের জন্য ইসলামাবাদ প্রার্থনা করছে।” এ সময় রাষ্ট্রদূত নাটালি বেকার আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের গঠনমূলক ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সঙ্গে বৈঠকে আলোচনার প্রযুক্তিগত ও প্রস্তুতিমূলক দিকগুলো পর্যালোচনা করেন নকভি। যদিও ইরান এই দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে নকভি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে ইসলামাবাদের পক্ষ থেকে সকল আয়োজন চূড়ান্ত। বৈঠকে তিনি তাঁর সাম্প্রতিক ইরান সফরের অভিজ্ঞতাও বিনিময় করেন। ইরানি রাষ্ট্রদূত মোগাদামও উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ‘ইতিবাচক ও গঠনমূলক’ প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

বৈঠকগুলোতে কেবল রাজনৈতিক আলোচনা নয়, বরং নিরাপত্তার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এ সময় ইসলামাবাদের চিফ কমিশনার, আইজিপি এবং ডেপুটি কমিশনারসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই দুই দেশের সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি। সূত্র: বিবিসি
 

ডিজিএন/এফএ

banner
Link copied!