ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Daily Global News

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০১:৪৮ পিএম

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে হাসপাতালটির গায়নোকোলজি ওয়ার্ডে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাভুক্ত ওই হাসপাতাল ভবনের চতুর্থ তলায় গায়নোকোলজি ওয়ার্ড অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় কক্ষটিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইসলামাবাদ পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, আজ স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে নবজাতকদের কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই প্রাণ হারায় ১৫ নবজাতক।

হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পরপরই কয়েকজন চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে ওই কক্ষে ছুটে যান। কিন্তু আগুনের তীব্রতা ও ধোঁয়া এত বেশি ছিল যে, তাঁরা কেবল একটি শিশুকেই উদ্ধার করে আনতে সক্ষম হন।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!