ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Daily Global News

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: নিজেদের স্বার্থ রক্ষায় হুশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৯:১৫ পিএম

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: নিজেদের স্বার্থ রক্ষায় হুশিয়ারি চীনের

ইরান ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কড়া জবাব দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, তারা এই ‘অবৈধ ও একতরফা’ নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে এবং নিজস্ব অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেন। সে সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখা যেকোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে।

যেহেতু চীনের সঙ্গে ইরানের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাই এই হুমকির সরাসরি প্রভাব বেইজিংয়ের ওপরও পড়ে। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চীন ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা সব সময়ই আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে পরিচালিত হয়ে আসছে। এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়।” নিজেদের বৈধ অধিকার সুরক্ষায় চীন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে ইরানি জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। তবে সম্প্রতি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ও কড়াকড়ির কারণে এই বাণিজ্যের পরিমাণ কিছুটা কমে এসেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!