ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Daily Global News

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি: ৮ জন উদ্ধার, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১০:৫৬ এএম

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি: ৮ জন উদ্ধার, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামের একটি ট্রলার ডুবে গেছে। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর আট জেলেকে উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, ১৩ জন জেলে নিয়ে গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সোমবার দুপুরের দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার পর রাত সাড়ে ১০টার দিকে অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

এখনো নিখোঁজ থাকা পাঁচ জেলের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। নিখোঁজ পাঁচ জেলের সবার বাড়িই বরগুনার পাথরঘাটা উপজেলায়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ইতিমধ্যে ‘এফবি জহুরা খাতুন’ নামের আরেকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে ট্রলারডুবি ও পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!