নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বড় অংশই শিশু। ধান কাটতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার গোরোনিও এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন। বর্ষার তীব্র স্রোত ও অতিরিক্ত যাত্রীর কারণে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন খেতমজুর ও জমির মালিক। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে; তবে স্থানীয়দের ধারণা, সেখানে ৫৭ থেকে ৭০ জনের মতো মানুষ ছিলেন।
দেশটির জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানিয়েছেন, এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, এরই মধ্যে প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের বেশিরভাগের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
কর্তৃপক্ষ এখনো নিহতের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী গোরাউয়ের একটি মসজিদের সামনের চত্বরে অন্তত ৫০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। স্থানীয় আরেক বাসিন্দা জানান, তাঁরা এরই মধ্যে ৫৩ জনের মরদেহ দাফন করেছেন।
নাইজেরিয়ায়, বিশেষ করে বর্ষাকালে নদী ও পানিপথে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না করাই এসব প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে ফুটো হয়ে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স, আল জাজিরা।


আপনার মতামত লিখুন :