দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং বিশৃঙ্খলা ছড়াবে, তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীতে হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে শনিবার (৮ আগস্ট) ঢাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি পেশাজীবীদের রাজনীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
রোববার বিকেলে ফটিকছড়ির আল-জামিআতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলাম যেভাবে বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবেই থাকবে বলে তিনি আশা করেন।
তিনি ফটিকছড়ির স্থানীয় হাসপাতাল, শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের জোরালো পদক্ষেপের আশ্বাস দেন। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম অবমাননার শাস্তি নিশ্চিত করা, শাপলা চত্বরের ঘটনার বিচার, কওমি মাদরাসার স্বীকৃতি এবং শিক্ষাব্যবস্থায় ইসলাম ধর্ম বাধ্যতামূলক করাসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়।
রাতে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ‘কিছু’ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না; এখন সময় দেশ ও জাতির ভাগ্য গড়ার। জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :