ওমানের একটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
নিহত চার ভাই হলেন, মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। চার ভাই-ই ওমানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সঙ্গে দেখা করার কথা থাকলেও তারা ফিরছেন লাশ হয়ে। স্বজনরা জানান, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথেই তারা এই দুর্ঘটনার শিকার হন।
ওমান পুলিশের প্রাথমিক ধারণা, গাড়িটি দীর্ঘ সময় চালু অবস্থায় ছিল। বদ্ধ গাড়িতে দীর্ঘক্ষণ এসি চালু থাকায় তা থেকে নির্গত কার্বন মনোক্সাইড বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি কেবলই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে দেশটির পুলিশ।
একই পরিবারের চার সন্তানের এমন অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে গভীর শোক। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই হৃদয়বিদারক ঘটনায় ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :