মালয়েশিয়ার একটি পাম বাগানে বাংলাদেশি সহকর্মীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে দেশটির নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চল্লিশোর্ধ্ব এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, সোমবার বিকেল সোয়া চারটার দিকে স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে মারামারির খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তল্লাশির পর সুয়া মাঙ্গিস এস্টেট থেকে প্রথমে দুটি এবং পরে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। একই ঘটনায় মারাত্মকভাবে আহত অপর বাংলাদেশিকে উদ্ধার করে দ্রুত রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত, আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তারা একই বাসায় থাকতেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে মঙ্গলবার তাকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটির তদন্ত চলছে। তবে ঠিক কী কারণে সহকর্মীদের মধ্যে এমন নৃশংস ও প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটল, তা উদঘাটনে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :