মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মিরসরাই অঞ্চলের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী খাল খনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।”
তিনি আরও জানান যে, আগামী ১৬ মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মিরসরাই অঞ্চলে এই খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এছাড়াও তিনি স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলটি সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমজাদ হোসেন জিহান।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, ১১ নং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল করিম এরফান, সাবেক সহ-সভাপতি সালামত উল্যাহ মাস্টার, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল বশর মাস্টার এবং উত্তর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ডিলার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, যুবদল নেতা ফারভেজ হোসেন, আনোয়ার হোসেন, সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুর খান, ছাত্রদল নেতা রায়হান রাফি ও সাব্বির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোতাহের উদ্দিন চৌধুরী এবং স্থানীয় মেম্বার ইকবাল হোসেন, আহমেদ রাকিব ও শহীদুল ইসলাম অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :