ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Daily Global News
কালবৈশাখীর তাণ্ডব

সাত জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি, ঢাবি শিক্ষার্থীসহ আহত অনেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:২৪ পিএম

সাত জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি, ঢাবি শিক্ষার্থীসহ আহত অনেকে

সারাদেশে গত কয়েক দিনের অসহ্য গরমের পর আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। তবে এই বজ্রপাত বিষাদ বয়ে এনেছে অনেক পরিবারে। গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে বজ্রপাতের পৃথক ঘটনায় ১৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন এবং মারা গেছে গবাদিপশু।

জেলায় জেলায় মৃত্যুর মিছিল:

গাইবান্ধা (৫ মৃত্যু): সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এই জেলায়। সুন্দরগঞ্জ উপজেলায় একই স্থানে বজ্রপাতে ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০) নামে তিন তরুণের মৃত্যু হয়েছে। এছাড়া ফুলছড়িতে ঘোড়ার গাড়ি নিয়ে ফেরার পথে মানিক (২২) এবং সাঘাটায় ছাগল আনতে গিয়ে বৃদ্ধ নম্বার আলী (৬৫) প্রাণ হারান।

সিরাজগঞ্জ ও জামালপুর (৪ মৃত্যু): সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে ধান কাটার সময় কৃষক আব্দুল হামিদ (৫০) ও হাসান শেখ (২৫) নিহত হন। অন্যদিকে জামালপুরে গরু চরাতে গিয়ে হাসমত আলী (৫৫) এবং বাড়ির উঠানে রান্না করার সময় মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ প্রাণ হারান।

ঠাকুরগাঁও ও অন্যান্য (৫ মৃত্যু): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নামে দুজন নিহত হন। এছাড়া বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে সুমন (৩৫), নাটোরে ধান কাটার সময় শ্রমিক সম্রাট হোসেন (২৬) এবং পঞ্চগড়ে চা-বাগানে কাজ করার সময় সারওয়ারদ্দী (২১) নিহত হন।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বজ্রপাতের ঘটনা ঘটেছে। অপরাজেয় বাংলার সামনে অবস্থানকালে বজ্রপাতে অচেতন হয়ে পড়েন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী সুফিয়া ও ফারাহ। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!