ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নারীসহ নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৯:২৬ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নারীসহ নিহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ঝরল তাজা প্রাণ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে একটি দ্রুতগামী প্রাইভেটকার সজোরে ধাক্কা দিয়েছে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও দুই নারীসহ মোট পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত পৌনে ৩টা ৪৫ মিনিটের দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ভাঙ্গা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। মালিগ্রাম এলাকায় পৌঁছালে এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, প্রাইভেটকারটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে আরোহীরা গাড়ির ভেতরেই রক্তাক্ত অবস্থায় আটকে পড়েন এবং চালকসহ গাড়িতে থাকা ছয়জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি কেটে ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভোররাতে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করার জোর চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এক্সপ্রেসওয়েতে প্রায়শই ভোরে ও রাতের দিকে এমন দুর্ঘটনা ঘটায় স্থানীয় চালক ও সাধারণ যাত্রীদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। 

ডিজিএন/এনএস

banner
Link copied!