ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

দৌলতদিয়া ফেরিঘাটে ফের যাত্রীবাহী বাস পড়ল নদীতে, উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৩১ এএম

দৌলতদিয়া ফেরিঘাটে ফের যাত্রীবাহী বাস পড়ল নদীতে, উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং বিআইডব্লিউটিসি-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংখ্যা বা কেউ নিখোঁজ আছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি নদী পারাপারের জন্য দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থান করছিল। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পাশে থাকা গভীর পদ্মা নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে বাসটি থেকে যাত্রী নামানো হচ্ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে ভেতরে কোনো যাত্রী আটকে ছিলেন কি-না কিংবা এখন পর্যন্ত কোনো হতাহত আছেন কি-না, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং উদ্ধারকারী দল কাজ করছে।”

দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করতে ঘাটের দিকে রওনা হয়েছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনাটি আমি শুনেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজেই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি।”

আজকের এই দুর্ঘটনাটি ঘাটসংশ্লিষ্টদের মাঝে আড়াই মাস আগের এক ভয়াবহ ট্র্যাজেডির স্মৃতি ও আতঙ্ক ফিরিয়ে এনেছে। এর আগে, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের আরেকটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে গিয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নদী থেকে মোট ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বারবার ফেরিঘাটের পন্টুনে বাসের এমন নিয়ন্ত্রণ হারানো এবং নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ঘাটের ফিটনেস, পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা এবং চালকদের অসতর্কতা নিয়ে স্থানীয় যাত্রী ও চালকদের মাঝে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!