ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

আপত্তিকর ভিডিও ফাঁস: শ্যামনগরে এমপি গাজী নজরুল অবাঞ্ছিত, ঝাড়ুমিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৩৮ পিএম

আপত্তিকর ভিডিও ফাঁস: শ্যামনগরে এমপি গাজী নজরুল অবাঞ্ছিত, ঝাড়ুমিছিল ও বিক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওর জেরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে তার বিরুদ্ধে ঝাড়ুমিছিল, মানববন্ধন ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এই বিতর্কিত সংসদ সদস্যের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ক্ষোভের মাত্রা এতটাই তীব্র ছিল যে, সমাবেশ থেকে শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণাও করা হয়েছে।

এদিন দুপুর ১২টার দিকে শ্যামনগর বাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সর্বস্তরের মানুষ, নানা শ্রেণি-পেশার প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে এক মানববন্ধনে রূপ নেয়।

এ সময় বিক্ষোভকারীদের হাতে অভিযুক্ত এমপির ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। তারা ‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’, ‘শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা’ ইত্যাদি নানা প্রতিবাদী স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।

মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা আক্ষেপ করে বলেন, তাদের কাছ থেকে ভোট নিয়ে চরম প্রতারণা করা হয়েছে। তারা দ্রুত এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সমাবেশে নারী নিরাপত্তার বিষয়টিও জোরালোভাবে উঠে আসে। উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, বড় বড় কথা না বলে নারীদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণ পরিবর্তনের আশায় তাকে ভোট দিয়েছিল, কিন্তু আজ সবাই প্রতারিত বোধ করছে। তিনি স্পিকারের কাছে এই সংসদ সদস্যকে বহিষ্কারের জোর দাবি জানান।

নাগরিক নেতা আশেক ই এলাহি মুন্না ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, প্রথমে একটি ছবি ভাইরাল হলে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারসাজি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু পরে এমপির নিজের ফেসবুক থেকেই ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে বিবৃতি দেওয়া হয়। এরপর স্থানীয়দের হাতে একটি বাড়িতে তার ধরা পড়ার আরও একটি ভিডিও ফাঁস হলে জনমনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

এই কেলেঙ্কারির কারণে দেশজুড়ে শ্যামনগরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ আরও অনেক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

পুরো কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি থাকায় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এলাকাবাসীর এই তীব্র ক্ষোভ ও উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

ডিজিএন/এনএস

banner
Link copied!