ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা ভণ্ডুল করল বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:০৩ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা ভণ্ডুল করল বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ ‘পুশ-ইন’ বা অনুপ্রবেশের একটি অপচেষ্টা কঠোরভাবে ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা বিওপি এলাকায় ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার এই চেষ্টা করা হয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, এদিন ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ওই পাঁচ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। অনুপ্রবেশের চেষ্টাকারী এই দলটিতে একজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী এক শিশু ছিল।

তবে বিএসএফের এই অপতৎপরতা সফল হওয়ার আগেই তা বিজিবির টহল দলের নজরে চলে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেন এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় তাদের আটকে দেন। বিজিবির কড়া বাধা ও অনড় অবস্থানের মুখে একপর্যায়ে বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান। তিনি জানান, সীমান্তে বিজিবি সদস্যদের প্রখর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই এই অবৈধ পুশ-ইন প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডিজিএন/এনএস

banner
Link copied!