বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন নৌপ্রধানকে এই ব্যাজ পরিয়ে দেন।
ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নতুন নৌপ্রধানকে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীমও নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনীর প্রধান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে নৌবাহিনীতে যোগ দেওয়া খোন্দকার মিজবাহ উল আজীম তার প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ নানা গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
লেবানন ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। অসামান্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, নৌ-পারদর্শিতা পদক এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :