বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি বন্ধ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালা জারি করে।
নীতিমালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখন থেকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি থাকা শিক্ষার্থীর কাছ থেকে নতুন শিক্ষাবর্ষে আর কোনো ‘পুনঃভর্তি ফি’ আদায় করা যাবে না। এছাড়া: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণ করতে হবে।
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নতুন কোনো খাত তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে: শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব খুলতে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে।
শিক্ষার্থীদের সব ফি ও অনুদান ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ বা সরকারি ব্যাংকের গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। নগদে অর্থ গ্রহণ করলে তা ২ কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান উভয়কেই ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :