দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ সোমবার (২ মার্চ) সকালে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার জবাবে ইসরায়েল এই চরমপত্র জারি করে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই গণ-উচ্ছেদের নির্দেশ লেবাননে ইসরায়েলের একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে।
আইডিএফ তাদের সতর্কবার্তায় জানিয়েছে, “আপনাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ঘরবাড়ি ছেড়ে গ্রাম থেকে কমপক্ষে ১ হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।” সতর্কবার্তায় আরও বলা হয়, যারা হিজবুল্লাহর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করবেন, তাদের জীবনের ঝুঁকি থাকবে। ইতিপূর্বে গাজায় স্থল অভিযান শুরুর আগে এভাবেই বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলের উত্তর অংশে ড্রোন ও রকেট হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের আছে। ইসরায়েলি আগ্রাসন ও তাদের নেতাদের হত্যার বদলা নিতে তারা উপযুক্ত সময়ে ও স্থানে আরও কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। হিজবুল্লাহর এই অবস্থানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী।
সকাল থেকেই লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। আকাশপথে হামলার পাশাপাশি সীমান্তে ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ। এতে দক্ষিণ লেবাননের কয়েক হাজার বেসামরিক মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :