কাতারে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে জরুরি টেলিফোন সংলাপে মিলিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২ মার্চ) এই গুরুত্বপূর্ণ ফোনালাপে পুতিন কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
ইরানি হামলার মুখে নিরাপত্তার খাতিরে কাতার তাদের গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশটির এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছে। এই সংকটকালে পুতিন কাতারকে যেকোনো ধরনের সমর্থন ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
কাতারের আমিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাতারের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে আমিরের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। জ্বালানি অবকাঠামো রক্ষা বা অন্যান্য প্রয়োজনে রাশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই নেতাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে দ্রুত কূটনৈতিক সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন।
এদিকে, ইরানে চালানো যৌথ বাহিনীর হামলায় আহত দেশটির সর্বোচ্চ নেতার স্ত্রী মনসুরেহ খোজাসতেহ মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় ইরান আরও মরিয়া হয়ে কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশে মার্কিন মিত্রদের ওপর হামলা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :