মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে জরুরি আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁকে টেলিফোন করে প্রবাসীদের বিষয়ে কথা বলেছেন। আলোচনায় তিনি এই তিনটি দেশে কর্মরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। জবাবে দেশগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, প্রবাসীদের নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং স্থানীয় বাংলাদেশিরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
ড. খলিলুর রহমান বলেন, “আমরা আশা করি, আর কোনো বাংলাদেশি নিহত বা আহত হবেন না। ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে আমরা স্থানীয় দূতাবাসের মাধ্যমে কাজ করছি।”
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের বিষয়ে তিনি জানান, আকাশপথ নিরাপদ হওয়ামাত্রই বিমান চলাচল শুরু হবে এবং দ্রুততম সময়ে যাত্রীদের ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান নয় এই অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, বাংলাদেশ এই সংঘাতের অবসান চায়।
এদিকে বাংলাদেশেও মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া চলমান পরিস্থিতিতে রেলের এসি কোচে আসনবিহীন যাত্রী ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :