মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই প্রথম বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন দেশে কর্মরত ২ জন বাংলাদেশি নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে তিন দেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন: সংযুক্ত আরব আমিরাতে (আজমান) আকাশ থেকে পড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন।
বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন (পরিচয় যাচাইধীন)। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন ৪ বাংলাদেশি। তারা হলেন, আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), রাবিউল ইসলাম (পাবনা), মাসুদুর রহমান (নোয়াখালী) ও দুলাল মিয়া (কুমিল্লা)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও স্থিতিশীল রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এবং এর সকল ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে নিম্নলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা। আকাশপথ সচল হওয়া মাত্রই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। প্রবাসীদের স্থানীয় সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :