ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা, বসরায় মার্কিন তেল স্থাপনায় আঘাত

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১১:২৮ এএম

ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা, বসরায় মার্কিন তেল স্থাপনায় আঘাত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন কূটনীতিক ও সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সংঘটিত এই হামলায় বিমানবন্দরের ভেতরের বেশ কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাগদাদ বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে মোট চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত দুটি ড্রোন ঘাঁটির ভেতরে বিস্ফোরিত হয়ে ক্ষয়ক্ষতি ঘটায়।

এই ড্রোন হামলার ঠিক আগেই বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকায় রকেট হামলার ঘটনা ঘটে। ইরাকি বাহিনী পরে রকেট ছোড়ার কাজে ব্যবহৃত একটি যান এবং নিক্ষেপের জন্য প্রস্তুত আরও কয়েকটি রকেট জব্দ করেছে।

একই দিনে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় একটি আলাদা হামলার ঘটনা ঘটেছে। সেখানে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির পরিচালিত তেল ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিরিজ এই হামলার বিষয়ে ইরাক সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাগদাদ বিমানবন্দর ও মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ বাড়াতে ইরাকের অভ্যন্তরে থাকা প্রতিরোধ যোদ্ধারা এই ড্রোন ও রকেট হামলাগুলো পরিচালনা করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!