ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ফের ভূমিকম্প

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০২:০৭ পিএম

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ফের ভূমিকম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের দক্ষিণাঞ্চল। বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৪.১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর নিশ্চিত করেছে।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বন্দর আব্বাস শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। স্বল্প গভীরতার এই কম্পনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর বাইরে এই ভূমিকম্পে নতুন করে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানে গত কয়েকদিন ধরেই দফায় দফায় ভূমিকম্প অনুভূত হচ্ছে। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেটির গভীরতাও ছিল ১০ কিলোমিটার।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির মধ্যে বারবার ভূমিকম্পের ঘটনা উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বন্দর আব্বাস এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই কম্পন স্থানীয় নিরাপত্তা ব্যবস্থায় নতুন দুশ্চিন্তা যোগ করেছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!