ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট তৈরি না হয়, সেজন্য আগামী রোববার (৮ মার্চ) থেকে সারা দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই রেশনিং পদ্ধতি কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট ও লিখিত নির্দেশনা খুব দ্রুতই প্রতিটি পেট্রোল পাম্পে পাঠিয়ে দেওয়া হবে। পেট্রোল পাম্পগুলোকে সেই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল সীমিত হওয়ায় ভবিষ্যতে বড় কোনো সংকটে যাতে পড়তে না হয়, সেই আগাম প্রস্তুতি হিসেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা চাই না সাধারণ মানুষ বা পরিবহন খাত হঠাৎ বড় কোনো সংকটে পড়ুক। দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা এখন থেকে তেলের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এই পরিকল্পনা নিয়েছি।”

রেশনিং পদ্ধতিতে একজন গ্রাহক নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটুকু তেল পাবেন, তা প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, কৃষি ও জরুরি সেবা খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। একই সাথে তিনি দেশের নাগরিকদের আতঙ্কিত না হয়ে জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ডিজিএন/এনএস

banner
Link copied!