ইরানের মিনাব শহরের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলার ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা বর্তমানে ধারণা করছেন যে এই হামলার জন্য মার্কিন বাহিনীই দায়ী ছিল।
তবে তদন্ত এখনো চলমান থাকায় তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি বলে জানানো হয়েছে।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে এই স্কুল হামলাটি সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় ও সমালোচনার জন্ম দিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই হামলায় ১৬৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরপরাধ শিশু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল ওই এলাকায় কোনো অভিযানের কথা অস্বীকার করেছে, আর যুক্তরাষ্ট্র বলছে তারা বিষয়টি তদন্ত করছে।
রয়টার্সকে দেওয়া তথ্যে মার্কিন কর্মকর্তারা আমেরিকার দিকে ইঙ্গিত দিলেও তারা নতুন কোনো তথ্য বা প্রমাণ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করতে পারে। তবে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে, দক্ষিণ ইরানের মিনাব শহরের এই স্কুলটির খুব কাছেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি ছিল। সেই এলাকা লক্ষ্য করে কাছাকাছি সময়ে একাধিক হামলা চালানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার-এর একটি ইন্সটাগ্রাম পোস্ট থেকে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টার একটি মানচিত্রে দক্ষিণ ইরানে হামলার স্থান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মিনাব শহরটিও অন্তর্ভুক্ত ছিল।
সামরিক বিশ্লেষকদের মতে, আইআরজিসি ঘাঁটিকে লক্ষ্য করতে গিয়ে ভুলবশত বা যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলটিতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এই বিতর্ক ও উত্তেজনা প্রশমনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :