ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০২:১৩ পিএম

হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রিমা’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং এলাকাটি ‘অনিরাপদ’ হওয়ার বিষয়ে বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, “অভিযুক্ত ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ঘটনা আজ সকালে মাত্র কয়েক মিনিট আগেই ঘটেছে।”

শিপ-ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, আক্রান্ত ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার, যা মাল্টার পতাকা নিয়ে চলাচল করছিল। তবে জাহাজটির গন্তব্য বা মালিকানা কোন দেশের ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত কয়েকদিন ধরে এই জলপথ কার্যত রুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম ইতোমধ্যে রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। ইরানের এই সরাসরি হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও লাফিয়ে বাড়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিকে ইরান ‘রণক্ষেত্রে’ পরিণত করার যে হুঁশিয়ারি দিয়েছিল, এই ড্রোন হামলা তারই বাস্তব প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!