ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:০২ পিএম

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও হাইফা সমুদ্রবন্দরে বড় ধরনের আক্রমণের দায় স্বীকার করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক ভবনে ড্রোন হামলা চালানো হয়। ওই ভবনেই ইসরায়েলি দূতাবাস অবস্থিত। ইরান এই হামলাকে সরাসরি ইসরায়েলি স্বার্থের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাণিজ্যিক কমপ্লেক্সটির কাছাকাছি এলাকায় একটি ইরানি ড্রোন শনাক্তের পর সেটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, শুক্রবার (৬ মার্চ) ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের যোদ্ধারা লেবানন সীমান্তের মারউন আল-রাস এবং কাফার কিলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি স্থল সেনাদের ওপর হামলা চালিয়েছে।

একই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির ‘ইয়োভ’ সামরিক ক্যাম্প এবং হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের সমুদ্রবন্দরে এই আক্রমণের ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযানের আগে হিজবুল্লাহর পক্ষ থেকে সীমান্ত সংলগ্ন এলাকার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এলাকা ত্যাগের সতর্কতা জারি করা হয়েছিল। যদিও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সরাসরি দূতাবাস লক্ষ্য করে হামলা এবং হিজবুল্লাহর সমুদ্রবন্দরমুখী আক্রমণ যুদ্ধের মোড়কে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!