ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবানন সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলে আজ শুক্রবার সকালে উত্তর ইসরায়েলের অন্তত দুটি এলাকায় রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলার ফলে মধ্যস্থতাকারী দেশগুলোর কষ্টার্জিত দুই সপ্তাহের শান্তি প্রক্রিয়া বড় ধরণের ঝুঁকির মুখে পড়ল।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তারা ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী কিরিয়াত শমোনা এবং উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মিসগাভ আম এলাকা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।
সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, “আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই দাঁতভাঙা জবাব চলতে থাকবে।” তাদের দাবি, ইসরায়েল আগেই বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
হিজবুল্লাহর এই রকেট হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
অন্যদিকে, চুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বারবার দাবি করে আসছে যে, যুদ্ধবিরতি লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টের জন্যই কার্যকর। এই দুই ধরণের অবস্থানের কারণেই সীমান্তে সংঘাত থামছে না।
আজ ১০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে ঐতিহাসিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ঠিক সেই মুহূর্তেই লেবানন সীমান্তে এই পাল্টাপাল্টি হামলা আলোচনার টেবিলে অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গতকালের রহস্যময় বার্তার পর হিজবুল্লাহর এই সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


আপনার মতামত লিখুন :