দুবাইয়ের ঝলমলে আকাশরেখার নিচে দাঁড়িয়ে থাকা ৪০ হাজার বর্গফুটের এক প্রাসাদোপম বাড়ি আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশাল ফোয়ারা, ব্যক্তিগত সিনেমা হল, ক্যাসিনো-স্টাইল গেমিং লাউঞ্জ, সুইমিংপুল, স্পা, এমনকি ঘরের ভেতর খাবার ওঠানামার জন্য আলাদা লিফট সমৃদ্ধ এই রাজকীয় বাড়ির মালিকের শৈশব কেটেছে মুম্বাইয়ের বস্তিতে।
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘দুবাই ব্লিং’-এ উপস্থিতির পর নতুন প্রজন্মের কাছেও পরিচিত হয়ে উঠেছেন এই ব্যক্তি। তিনি আর কেউ নন, মধ্যপ্রাচ্যের অন্যতম সফল ভারতীয় ব্যবসায়ী এবং দুভাইভিত্তিক নির্মাণসামগ্রী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজান।
ক্যামেরার ঝলকানি আর হাজার কোটি টাকার সম্পদের আড়ালে লুকিয়ে আছে তাঁর এক অবিশ্বাস্য সংগ্রাম, ঝুঁকি আর অদম্য অধ্যবসায়ের গল্প।
মুম্বাইয়ের ঘাটকোপার এলাকার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রিজওয়ানের ছোটবেলার আর্থিক অবস্থা ছিল খুবই নড়বড়ে। স্কুলের ক্যানটিনে সহপাঠীদের খাবার খেতে দেখেও নিজের পকেটে টাকা না থাকার সেই ছোট্ট অপমানই একদিন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
মাত্র ১৪ বছর বয়সে বাবার কাছ থেকে ধার নেওয়া এক হাজার রুপি দিয়ে পাইকারি বাজার থেকে স্কুলের বই কিনে মৌসুমী ব্যবসা শুরু করেন তিনি। প্রথম মৌসুম শেষে অর্জিত ২০০ রুপি লাভ দিয়ে বন্ধুদের সমুচা খাইয়ে উদযাপিত সেই শুরুটাই ছিল তাঁর সাফল্যের প্রথম প্রতীক।
এরপর রাখি উৎসবে রাখি, দীপাবলিতে আতশবাজি বিক্রি থেকে শুরু করে দুধ সরবরাহের কাজও করেছেন তিনি। তবে ১৮ বছর বয়সে বাবার আকস্মিক মৃত্যুতে পুরো সংসারের দায়িত্ব কাঁধে আসায় মাত্র ১৮ হাজার রুপি বেতনে কাজের খোঁজে কুয়েতে পাড়ি জমান রিজওয়ান সাজান।
১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ শুরু হলে কুয়েতের ভয়াবহ পরিস্থিতির মাঝেই নিজের উদ্যোক্তা মানসিকতার পরিচয় দেন রিজওয়ান। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রবাসী ভারতীয়দের বার্তা সামরিক চৌকি পেরিয়ে ইরাক গিয়ে টেলিগ্রামের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এক ঝুঁকিপূর্ণ ব্যবসা শুরু করেন তিনি।
কুয়েত অধ্যায়ের পর প্রায় এক লাখ দিরহামের সঞ্চয় নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে দুবাইয়ে নতুন জীবন শুরু করেন রিজওয়ান। নিজেকে মাত্র তিন মাসের সময় বেঁধে দিয়ে নামেন নির্মাণসামগ্রীর ব্যবসায়, যা পরবর্তীতে ড্যানিউব সাম্রাজ্যে রূপ নেয়।
আজ বিল্ডিং ম্যাটেরিয়াল, হোম ইন্টেরিয়র ও রিয়েল এস্টেট খাতে বিস্তৃত ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা রিজওয়ানের সম্পদের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি রুপি। তবে বিপুল বিলাসিতার মাঝেও নিজের অতীতকে ভোলেননি রিজওয়ান।
তিনি আজ বুক ফুলিয়ে বলতে পারেন যে, বস্তি থেকে ৪০ হাজার বর্গফুটের প্রাসাদে আসা তাকে যদি আজ আফ্রিকার কোনো জংগলেও ছেড়ে দেওয়া হয়, তবে নিজের অভিজ্ঞতা, সাহস আর উদ্যোগের জোরে তিনি আবারও শূন্য থেকে নিজেকে গড়ে তুলতে পারবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে


আপনার মতামত লিখুন :