ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

জ্বালানি খাতে বড় পরিকল্পনা: ১০০ কূপ খনন ও সমুদ্রাঞ্চলে আন্তর্জাতিক বিডিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:১৭ পিএম

জ্বালানি খাতে বড় পরিকল্পনা: ১০০ কূপ খনন ও সমুদ্রাঞ্চলে আন্তর্জাতিক বিডিং

দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ গ্যাস ও তেল অনুসন্ধান জোরদারে এক বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই মহাপরিকল্পনার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব রিগ ব্যবহার করে নতুন ৬৯টি কূপ খনন এবং পুরনো ৩১টি কূপের ওয়ার্কওভার (সংস্কার) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই রূপরেখা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানান, বাপেক্সের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বড় কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করেছে সরকার।

বাপেক্সের আগামী তিন বছরের ভবিষ্যৎ কারিগরি পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। একই সাথে ৭০০ লাইন কিলোমিটার টু-ডি (২-ডি) সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গকিলোমিটার থ্রি-ডি (৩-ডি) সাইসমিক জরিপ কার্যক্রম সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দেশের স্থলভাগে জ্বালানি অনুসন্ধান সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বাপেক্সের জন্য দুটি নতুন সর্বাধুনিক অনুসন্ধান রিগ ক্রয়ের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রথাগত জ্বালানি উৎসের বাইরে গিয়ে অফশোর গ্যাস ও আনকনভেনশনাল হাইড্রোকার্বন অনুসন্ধানের জন্য সরকার এখন ‘ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন’ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, ব্লু-ইকোনমি বা সমুদ্রসম্পদকে কাজে লাগিয়ে সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস উত্তোলনের ওপর এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দেশের অগভীর সমুদ্রে ৯টি এবং গভীর সমুদ্রে ১৫টি ব্লক উন্মুক্ত করা হয়েছে, যেখানে উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) মাধ্যমে অনুসন্ধান কাজ পরিচালিত হবে।

অফশোর গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়াকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে লাভজনক ও আকর্ষণীয় করতে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেশের সর্বোচ্চ স্বার্থ সমুন্নত রেখেই বহুল আলোচিত মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) সংশোধন ও আধুনিকায়ন করা হয়েছে। জ্বালানি নিরাপত্তার এই টেকসই উদ্যোগ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!