ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

কিমের হাতে ৫৭ পরমাণু বোমা, সম্পর্ক ভালো রাখা জরুরি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

কিমের হাতে ৫৭ পরমাণু বোমা, সম্পর্ক ভালো রাখা জরুরি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে বর্তমানে অন্তত ৫৭টি শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে। এত বিপুল সংখ্যক পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ায় কিমের সঙ্গে ‘সুসম্পর্ক বজায় রাখা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে নতুন একটি হেলিপ্যাড উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "কিমের হাতে এখন ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে। উত্তর কোরিয়াকে কোনোভাবেই এই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেওয়া উচিত হয়নি। আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা হতে দিতাম না। তবে যেহেতু এখন তার কাছে এই অস্ত্রগুলো রয়েছে, তাই তার সাথে ভালোভাবে মিলেমিশে থাকাটাই জরুরি।"

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরানকে তিনি কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবেন না।

তবে উত্তর কোরিয়ার কাছে থাকা ৫৭টি পরমাণু বোমার দাবির বিষয়ে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) ২০২৬ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার ভাণ্ডারে প্রায় ৬০টি পরমাণু ওয়ারহেড থাকতে পারে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাকের মতে, দেশটির বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার ধারণা এই সংখ্যা ৮০ থেকে ১২০টির মতো হতে পারে। তবে তিনি এ-ও সতর্ক করেছেন যে, এর সঠিক সংখ্যা নির্ণয় করা বেশ কঠিন।

এদিকে, চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেই কিমের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার আগ্রহের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে (২০১৬-২০২০) কিম জং উনের সঙ্গে মোট তিনবার ঐতিহাসিক শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যা ছিল কোনো দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম সাক্ষাৎ।

এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে দ্বিতীয় বৈঠক হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। সর্বশেষ ২০১৯ সালের জুনে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে তাদের তৃতীয় সাক্ষাৎ ঘটে, যেখানে ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখে ইতিহাস গড়েন। সূত্র: রয়টার্স

ডিজিএন/এনএস

banner
Link copied!