মধ্যপ্রাচ্যের চলমান ভয়াবহ সংঘাতের জেরে পারস্য উপসাগরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কারণে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করতে না পেরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
বিএসসি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি পণ্য নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছানোর পর ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হলে পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হরমুজ প্রণালীর কাছে পৌঁছালে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার নিরাপত্তা সতর্কতা পায় কর্তৃপক্ষ, ফলে জাহাজটি আবারও পথ পরিবর্তন করে শারজা উপকূলে ফিরে যেতে বাধ্য হয়।
জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সেখানে ইতোমধ্যে একাধিক বাণিজ্যিক জাহাজ ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে।
তবে আশার কথা শুনিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি জানান, “জাহাজের ৩১ জন নাবিকই সুস্থ আছেন এবং তাদের মনোবল ভালো। জাহাজে কয়েক মাসের পর্যাপ্ত খাবার, পানীয় এবং জ্বালানি মজুত রয়েছে। আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি।”
জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনতে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক সহায়তা চেয়েছে বিএসসি। এদিকে, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে এবার ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বর্তমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৮টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। বিশ্ব শিপিং খাতের সংগঠন `ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল`-এর প্রধান নির্বাহী জো ক্রামেক জানিয়েছেন, এই রুটে চলাচলকারী নাবিকেরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :