ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Daily Global News

রাজধানীতে বাসচাপায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

রাজধানীতে বাসচাপায় দুই জনের মৃত্যু

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই জন পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসটি একজন পথচারীকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক বা ডিভাইডারের সঙ্গে লেগে যায়। নিহত দুই জন তখন ডিভাইডারের কাজ করছিলেন। বাস ও ডিভাইডারের মাঝখানে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা সিটি কর্পোরেশনের শ্রমিক ছিলেন।

দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ও তাঁর সহযোগী বাসটি ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

দুর্ঘটনার জেরে বনানী-মহাখালী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বেপরোয়া চালনার কারণেই এমন প্রাণহানি ঘটছে বারবার। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া চালক ও সহযোগীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!