ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
Daily Global News
ইতিহাসে প্রথম

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক হাজির প্রধানমন্ত্রী, খেলেন বাঙ্কারের খাবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:৩২ পিএম

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক হাজির প্রধানমন্ত্রী, খেলেন বাঙ্কারের খাবার

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ফিল্ডে সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মহড়া এলাকার বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর এবং মাঠপর্যায়ের সেনাসদস্যদের মাঝে গিয়ে দীর্ঘ সময় কাটানোর ঘটনায় উপস্থিত সাধারণ সৈনিক ও কর্মকর্তাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন কৌশলগত অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও বাহিনীর কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত শোনেন।

তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি রোমাঞ্চকর ‘রেইড’ মহড়া সশরীরে প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানান দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি স্বশরীরে সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও জোয়ানদের সাথে রণকৌশল নিয়ে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন।

এমনকি বনের মধ্যে গাছের পাতার আড়ালে ‘ক্যামোফ্লেজ’ বা ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের একেবারে কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং গভীর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ দেন।

মাঠপর্যায়ের পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশ নেওয়া সাধারণ সেনাসদস্যদের জন্য ফিল্ডে তৈরি করা তাৎক্ষণিক সাধারণ খাবার গ্রহণ করেন এবং তাদের সাথে বসে চা পান করেন। দেশের সরকারপ্রধানকে এভাবে নিজেদের মাঝে একদম সাধারণ সৈনিকের মতো বসে খাবার খেতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সেনাসদস্যরা।

মহড়া পরিদর্শন শেষে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের আপামর জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। দেশের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।”

তিনি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাহিনীকে আরও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করে পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ রণপ্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে সেনানিবাসে ফিরে পুরোদমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ।

ডিজিএন/এনএস

banner
Link copied!