ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইরান বিশ্বকাপে খেলল কি না, তাতে কিছু যায় আসে না: ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১২:০৬ পিএম

ইরান বিশ্বকাপে খেলল কি না, তাতে কিছু যায় আসে না: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির ছায়া এবার পড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপে। আগামী তিন মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নিল কি না, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান বিশ্বকাপে অংশ নিল কি না, তাতে আমার সত্যিই কিছু যায় আসে না। ইরান বর্তমানে একটি বিধ্বস্ত দেশ, তাদের অবস্থা এখন খুবই নাজুক।” মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার মুখে ইরানের বর্তমান নাজুক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

চলতি সপ্তাহে আটলান্টায় বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে ফিফার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩২টি দেশের মধ্যে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান। এরপরই গুঞ্জন ওঠে, ইরান হয়তো এবারের বিশ্বকাপ বর্জন করতে পারে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ যুক্তরাষ্ট্রের বর্তমান ‘মারমুখী’ অবস্থানের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা তাদের জন্য ইতিবাচক কোনো সংকেত দিচ্ছে না।

বাছাইপর্বে এশীয় অঞ্চলের গ্রুপ ‍‍`এ‍‍`-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। এবারের আসরে তারা রয়েছে গ্রুপ ‍‍`জি‍‍`-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা।

গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ইরানের নাম থাকলেও, ফিফার অনুরোধে খেলোয়াড় ও অফিশিয়ালদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই ছাড়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক ও নিরাপত্তা সংকট।

ডিজিএন/এনএস

banner
Link copied!