ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

মালদ্বীপকে উড়িয়ে হ্যাটট্রিক শিরোপার অভিযানে বাংলাদেশের দাপুটে সূচনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১০:৪৭ পিএম

মালদ্বীপকে উড়িয়ে হ্যাটট্রিক শিরোপার অভিযানে বাংলাদেশের দাপুটে সূচনা

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও রাজকীয় শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি টানা তৃতীয়বার সাফের ট্রফি ঘরে তোলার হ্যাটট্রিক মিশনে দারুণ এক শুভ সূচনা করল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৮ মে) নেপালের কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের বাঁশি বাজার শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে চেনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণ আর চমৎকার পাসিং ফুটবলে মালদ্বীপের রক্ষণভাগকে তটস্থ করে রাখেন সাবিনা-প্রীতিরা। শক্তিশালী আক্রমণভাগের তোপে ম্যাচের প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্থের শুরুতে কিছুটা ছন্দপতন ঘটে বাংলাদেশের রক্ষণভাগে। ডিফেন্ডারদের অসতর্কতার সুযোগ নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে গোল শোধ করে বসে মালদ্বীপ। আকস্মিকভাবে স্কোরলাইন ২-২ সমতায় চলে এলে ম্যাচে চরম উত্তেজনা তৈরি হয়।

অবশ্য সমতায় ফেরার সেই আনন্দ মালদ্বীপের জন্য বেশি দীর্ঘ হতে দেয়নি বাংলাদেশ। ডাগআউটে কৌশলের দ্রুত পরিবর্তন এনে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে তুলে নেয় মারিয়া মান্ডারা। ম্যাচের শেষভাগে জ্বলে ওঠেন সুরভী আক্তার প্রীতি ও উমেলা। প্রীতির দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশিং এবং উমেলার চোখধাঁধানো আকর্ষণীয় স্ট্রাইকে পরপর দুটি গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার সুবাদে টুর্নামেন্টের শেষ চারের (সেমিফাইনাল) টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। উল্লেখ্য, গত ২০২২ এবং ২০২৪ আসরের টানা ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার কাঠমান্ডুর মাটিতে পা রেখেছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। প্রথম ম্যাচের এই দাপুটে পারফরম্যান্স সেই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল।

ডিজিএন/এনএস

banner
Link copied!